নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন আওয়ামী লীগ পুনরায় ক্ষমতাসীন হলে খুলনা হবে শান্তির নগরী। মদ, জুয়া সহ সকল সমাজবিরোধী কাজ প্রশাসনের সহযোগিতায় বন্ধ করা হবে। প্রতিষ্ঠা করা হবে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা। তিনি বলেন, সিটি কর্পোরেশন একটি উন্নয়ন ও সেবামূলক সংস্থা। এ সংস্থার সাথে সংশ্লিষ্ট কেউ অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত হলে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা।
সিটি মেয়র সোমবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গাস্থ কেসিসি পাইকারী কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতির দেয়া সংবর্ধনার জবাবে এ কথা বলেন। পাইকারী কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সিটি মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে কাজ করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন এবং মেয়র নির্বাচিত হয়েছি। সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর খুলনাকে সমৃদ্ধ নগরীতে পরিণত করার জন্য কাজ শুরু করেছি। নগরীর সীমনা বৃদ্ধির প্রচেষ্টা শুরু হয়েছে উল্লেখ করে তিনি খুলনাকে নতুন আঙ্গিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আড়ৎদার সমিতির নেতৃবৃন্দের উত্থাপিত বিভিন্ন দাবী দাওয়ার প্রেক্ষিতে তিনি সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, শেখ হায়দার আলী, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফজলুল হক, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল রহিম বক্স দুদু প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ এন এম মঈনুল ইসলাম নাসির। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী ও শ্রমকিগণ উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন